
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল ও সমাবেশ করেছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টায় রাজশাহী মহানগর ও জেলা এনসিপির উদ্যোগে নগরীর দলীয় কার্যালয় থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর এনসিপির আহ্বায়ক ও দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী। বক্তব্যে তিনি জামায়াত, বিএনপি ও এনসিপিকে ঐক্যবদ্ধ হয়ে ‘পতিত স্বৈরাচারকে’ মোকাবিলার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস।
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


