
গ্রামবাংলার খাল, বিল, ডোবা, নিচু ফসলি জমি ও জলাশয়ে জন্মানো কচুরিপানাকে সাধারণত আগাছা হিসেবেই দেখা হয়। তবে সেই কচুরিপানার বুকেই যখন ফোটে বেগুনি ও সাদার মিশেলে হলুদ কিংবা নীলচে ছোপযুক্ত ফুল, তখন বদলে যায় চেনা জলাশয়ের দৃশ্য। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা ফুলের সমারোহে তৈরি হয় প্রকৃতির এক অনন্য সৌন্দর্য।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এখন দেখা মিলছে এমন মনোমুগ্ধকর দৃশ্যের। খাল, ডোবা, নিচু জমি ও জলাশয়জুড়ে ফুটে থাকা কচুরিপানা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমী ও ফুলপ্রেমীরা। আকৃষ্ট হচ্ছেন সব বয়সী মানুষ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জলাশয়ের পানিতে ভাসমান কচুরিপানার সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে বেগুনি-সাদা ফুল। পথ চলতে গিয়ে এসব ফুলের দিকে চোখ আটকে যাচ্ছে অনেকের। কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির এই আয়োজন, কেউ মুঠোফোনে তুলছেন ছবি। আবার কেউ ফুলের সঙ্গে নিজেকেও ক্যামেরাবন্দী করছেন। শিশুদের কাছেও কচুরিপানা ফুল হয়ে উঠেছে আনন্দের অনুষঙ্গ। ফুল নিয়ে খেলতেও দেখা যাচ্ছে তাদের।
কচুরিপানা পানিতে মুক্তভাবে ভাসমান একধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। দক্ষিণ আমেরিকা এর আদি নিবাস। উদ্ভিদটির পরিচিত বৈজ্ঞানিক নাম Eichhornia crassipes; বর্তমানে এর স্বীকৃত নাম Pontederia crassipes। ইংরেজিতে একে বলা হয় ওয়াটার হায়াসিন্থ।
চকচকে সবুজ পাতা ও পানির নিচে ছড়িয়ে থাকা গুচ্ছমূলের কারণে সহজেই চেনা যায় উদ্ভিদটি। এর ফুল থোকায় থোকায় ফোটে। প্রতিটি ফুলে ছয়টি পাপড়ির মতো অংশ থাকে। বেগুনি ও সাদা রঙের সঙ্গে পাপড়িতে থাকা হলুদ বা নীলচে ছোপ ফুলটিকে অন্য ফুল থেকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। সাধারণত অনুকূল পরিবেশে বছরের বিভিন্ন সময়ে ফুল ফুটলেও বাংলাদেশে শীতের শুরু থেকে শীতকালজুড়ে কচুরিপানার ফুল বেশি চোখে পড়ে।
তবে কচুরিপানার পরিচয় শুধু জলাশয়ের আগাছা কিংবা চোখজুড়ানো ফুলের সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ জীবনের নানা প্রয়োজনেও উদ্ভিদটি ব্যবহার করা হয়। কচুরিপানা পচিয়ে জৈব সার তৈরি করা যায়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানা স্তূপ করে তার ওপর ভাসমান পদ্ধতিতে শাকসবজি চাষ করা হয়। কোথাও কোথাও শুকনো কচুরিপানা জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। এ ছাড়া কিছু এলাকায় গবাদিপশুর খাদ্য হিসেবে এর ব্যবহার রয়েছে। জলাশয়ে কচুরিপানার উপস্থিতি কিছু মাছ ও জলজ প্রাণীর আশ্রয়স্থল হিসেবেও ভূমিকা রাখতে পারে।
উপজেলার বেজুরা এলাকার বাসিন্দা মো. নাজমুল হাসান বলেন, ‘ফেনা ফুল বা কচুরিপানা আমাদের কাছে খুব পরিচিত। বাইরে বের হলে হঠাৎই চোখে পড়ে এ ফুলের সৌন্দর্য। আমাদের বাড়ির পাশের ডোবায়ও এ ফুল ফুটেছে। সবুজের মধ্যে ফুলগুলো চোখে পড়লে মন জুড়িয়ে যায়। এটি গ্রামবাংলার একটি চিরচেনা দৃশ্য।’
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন বলেন, ‘কচুরিপানা আগাছা হলেও এ উদ্ভিদটি বাঙালির কাছে বেশ পরিচিত। এর ফুল বেশ সুন্দর ও মোলায়েম। পাপড়িতে ভিন্ন রঙের উপস্থিতি থাকায় সহজেই মানুষের নজর কাড়ে। গ্রামীণ প্রকৃতির সঙ্গে কচুরিপানার একধরনের নিবিড় সম্পর্ক রয়েছে।’
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) মোহাম্মদ সোহেল রানা কচুরিপানার ভেষজ ব্যবহার সম্পর্কে বলেন, উদ্ভিদটিতে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানসহ বিভিন্ন উপাদান থাকার কথা উল্লেখ করা হয়। লোকজ ও ভেষজ চিকিৎসায় এর ব্যবহারের প্রচলন রয়েছে। তবে কোনো রোগের চিকিৎসায় কচুরিপানা ব্যবহারের আগে সংশ্লিষ্ট চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, কচুরিপানা কৃষিজমির জন্য আগাছা হিসেবে বিবেচিত হলেও এর ফুল গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্যের অংশ। বৈচিত্র্যময় নকশা ও রঙের কারণে এ ফুল সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
তিনি বলেন, কচুরিপানা সঠিকভাবে ব্যবহার করলে কৃষির জন্যও উপকারী হতে পারে। এটি পচিয়ে জৈব সার তৈরি করা যায়, যা জমিতে প্রয়োগের পাশাপাশি কোথাও কোথাও বাণিজ্যিকভাবেও বিক্রি হচ্ছে। বন্যাপ্রবণ এলাকায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষেও কচুরিপানা ব্যবহৃত হয়।
তবে দ্রুত বংশবিস্তারের কারণে এ উদ্ভিদ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন কৃষি কর্মকর্তা। বিশেষ করে নিচু ফসলি জমিতে কচুরিপানার আধিক্য ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত করতে পারে।
জলাশয়ের আগাছা হিসেবে পরিচিত কচুরিপানাই এখন ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা বেগুনি-সাদা ফুল যেন মনে করিয়ে দিচ্ছে, চেনা প্রকৃতির মধ্যেও লুকিয়ে থাকে অপরূপ সৌন্দর্য।


