
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল চলাকালে আবু আলম নামে এক পুলিশ পরিদর্শক হামলার শিকার হয়েছেন। তাঁকে কুপিয়ে ও মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মিছিলের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত আবু আলম বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত। তিনি কাশিয়ানীতে টহল কার্যক্রমের দায়িত্বে ছিলেন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলের সামনে পড়ে যান পুলিশ পরিদর্শক আবু আলম। পরে তাঁকে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়।
এদিকে, কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা।


