
মোটরসাইকেলে এসে দুটি বোমা ছুড়ে পালায় দুর্বৃত্তরা; আগুনে ক্ষতিগ্রস্ত জানালা, অল্পের জন্য রক্ষা পেলেন পিয়ন ও নৈশপ্রহরী
রাজশাহী নগরীতে গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। এতে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৪ মিনিটের দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংকের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দুটি পেট্রোল বোমা বা ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে জানালায় আগুন ধরে যায়। ওই সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও বাইরে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আগুন দেখতে পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে গিয়ে দুটি জানালা ক্ষতিগ্রস্ত দেখতে পান।
ব্যাংক সূত্রে জানা গেছে, ভবনটির ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস রয়েছে। এই জোনাল অফিসের অধীনে রাজশাহীর পাশাপাশি আরও কয়েকটি জেলার মোট ৮২টি শাখা ও আটটি এরিয়া অফিস পরিচালিত হয়। ফলে গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর আইনি ব্যবস্থা নিতে ব্যাংকের এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়। এ সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


