
সামাজিক মাধ্যমে অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া আয়মানের আহত অবস্থার ছবি দেখে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ; অন্যদিকে সাদিয়া আয়মানের মাথাজুড়ে সাদা ব্যান্ডেজ। তবে বাস্তবে কোনো দুর্ঘটনা বা মারামারির ঘটনা নয়—নতুন একটি নাটকের চরিত্রের প্রয়োজনে এমন লুকে দেখা গেছে তাদের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে দেখা যায়, ইরফান সাজ্জাদের ডান হাত ভাঙা অবস্থায় আর্ম স্লিং দিয়ে গলায় ঝোলানো। কপালেও রয়েছে ব্যান্ডেজ। মুখে দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন। তার পাশে দাঁড়িয়ে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়েও পেঁচানো সাদা ব্যান্ডেজ।

ছবিটি দেখে প্রথমে অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে কিছুক্ষণ পরই ছবির নেপথ্যের কারণ স্পষ্ট হয়। জানা যায়, এটি বাস্তব কোনো দুর্ঘটনার ছবি নয়; বরং আসন্ন একটি নাটকের শুটিংয়ের অংশ।
ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিষয়টি আরও রহস্যময় করে তোলেন ইরফান সাজ্জাদ নিজেই। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।
তার এই ক্যাপশন থেকেই বোঝা যায়, ‘বিবাহ বিভ্রাট’ নামের নতুন নাটকের চরিত্রায়নের প্রয়োজনে আহত লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।
ছবিটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে নাটকটি ঘিরে। মন্তব্যের ঘরে অনেকে মজার মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে।’
তবে ছবির আহত অবস্থা যে বাস্তব নয়, সেটিই স্পষ্ট করেছেন ইরফান সাজ্জাদ তাঁর পোস্টের মাধ্যমে। নাটকটি কবে এবং কোথায় প্রচার হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।


