
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট এলাকায় চাঁদাবাজির শিকার হয়েছেন সোহেল নামের এক প্রতিবন্ধী বাদাম ব্যবসায়ী। তিনি প্রতিদিন সকালে চারঘাট থেকে ট্রেনে করে রাজশাহীতে আসেন। এরপর কোর্টের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বাদাম, বুট ও চালভাজা বিক্রি করেন। দিন শেষে সন্ধ্যায় আবার ট্রেনে করে বাড়ি ফিরে যান। গত ১৬ ও ১৭ নভেম্বর পরপর দুই দিন ৪-৫ জন ব্যক্তির চাঁদা দাবির মুখে পড়েন তিনি। প্রতিদিন তাঁর কাছে ৫০ থেকে ১০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।
সোহেলের বাড়ি চারঘাট থানার ললিতাগাছি গ্রামে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর ডান হাত অচল, পাশাপাশি পায়েও সমস্যা রয়েছে। গত এক-দুই বছর ধরে শারীরিক এসব সমস্যা নিয়েই জীবিকা নির্বাহ করছেন তিনি। পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও দুই ছেলে। তাঁদের মধ্যে বড় ছেলের বয়স ১২ বছর, সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স দুই বছর। পরিবারের সবার খরচ তাঁকেই বহন করতে হয়।

প্রতিদিন খুব সকালে ট্রেনে করে চারঘাট থেকে রাজশাহীতে আসেন সোহেল। এরপর কোর্টের বিভিন্ন ভবনে ঘুরে, এমনকি সাত-আটতলায় গিয়েও বাদামসহ বিভিন্ন খাবার বিক্রি করেন। সন্ধ্যা হলে আবার ট্রেনে করে বাড়ি ফিরে যান। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
সোহেলের ভাষ্যমতে, প্রথম দিন দুপুর ২টার পর কোর্টের আটতলা ভবন থেকে নামার সময় ৪-৫ জন ব্যক্তি তাঁর পথ আটকান। এ সময় তাঁরা বলেন, এখানে ব্যবসা করতে হলে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা দিতে হবে। অন্যথায় তাঁকে কোর্টে ঢুকতে দেওয়া হবে না। পরে তিনি পরিচিত মোহাম্মদ সাব্বির নামে এক মোহরিকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। সাব্বির সেখানে এসে চাঁদা দিতে অস্বীকৃতি জানান এবং তাঁদের সেখান থেকে সরিয়ে দেন।
পরদিন একই ব্যক্তিরা আবারও তাঁর পথ আটকান এবং টাকার ব্যাগ নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন সোহেল। এ সময় তাঁকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়। পরে হাসান ও শাহীন নামে দুই মোহরির হস্তক্ষেপে তিনি রক্ষা পান। ওই ব্যক্তিদের বাড়ি কোথায় জানতে চাইলে তাঁরা গুড়িপাড়া এলাকায় থাকেন বলে জানান। পরে সেখানকার আরও কয়েকজনের হস্তক্ষেপে তাঁরা সরে যান।
সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে সোহেল বলেন, ‘আমি দিনে আর কত টাকাই বা আয় করি, তার মধ্যেও তারা আমার কাছে টাকা দাবি করে। এ ঘটনার পর থেকে কোর্টে আসতে ভয় লাগছে।’
জীবিকার তাগিদে প্রতিদিন কোর্ট এলাকায় আসা সোহেল এখন সেখানে ব্যবসা করা নিয়ে শঙ্কিত। তিনি এ পরিস্থিতি থেকে মুক্তি এবং নিরাপদে ব্যবসা করার সুযোগ চান।


