
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি। ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে।
প্রকাশিত ছবিগুলোর একটিতে সুসজ্জিত হোটেলকক্ষে চমক ও শুভকে হাসিখুশি ভঙ্গিতে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

তবে ছবিগুলো কি কোনো নাটক বা সিনেমার দৃশ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁদের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া কৌতূহলের মধ্যেও নিশ্চিত কোনো ঘোষণা আসেনি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের এই মন্তব্যের পর আলোচনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ছবিগুলোকে নতুন কোনো কাজের প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ জানতে চাইছেন, ছবির আড়ালে আসলে কী রয়েছে।
তবে চমকের কথিত বিয়ে কিংবা নতুন কোনো সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য মেলেনি। তাঁর উল্লেখ করা ‘সুখবর’ কী, তা জানতে অপেক্ষা করতে হবে অভিনেত্রীর পরবর্তী ঘোষণার জন্য।


