
স্বল্পগতির ব্যাটারিচালিত যানবাহন (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দিতে জড়ো হতে থাকেন অটোরিকশাচালকেরা। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির মধ্যে রয়েছে—ই-রিকশা চলাচল নীতিমালার শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ধ্বংসকারী ধারা সংশোধন, সারা দেশের জন্য একক নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট প্রদান এবং চালকের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ।

নীতিমালায় প্রস্তাবিত নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবিও জানিয়েছেন শ্রমিকেরা। পাশাপাশি বর্তমানে সড়কে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় বরাদ্দ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার দাবি রয়েছে।
শ্রমিকদের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা মিটারগুলোর সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং ইতিমধ্যে বিচ্ছিন্ন করা সংযোগ পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।
নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন, শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি করা এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবিও রয়েছে। একই সঙ্গে ই-রিকশা বিক্রির সুলভ মূল্য নির্ধারণের কথা বলেছেন তাঁরা।
সড়কের লেন পদ্ধতি সচল, সার্ভিস লেন, রিকশা-সিএনজি-মোটরসাইকেল স্ট্যান্ড এবং চার্জিং স্টেশন নির্মাণের দাবি রয়েছে ১২ দফায়। এ ছাড়া ব্যাটারিচালিত যানবাহন-সংক্রান্ত সব রিট দ্রুত নিষ্পত্তি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, বর্তমানে সচল সব গ্যারেজকে নতুন শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স প্রদান এবং ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক অঙ্কের সুদে শ্রমিকদের ঋণ দেওয়ার দাবিও রয়েছে।
শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং বিদ্যুতের দাম, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
১২ দফার শেষ দাবিতে অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা ক্ষুদ্র পুঁজি সুরক্ষিত করা এবং পর্যায়ক্রমে মানুষকে প্যাডেলচালিত বাহনের কষ্টসাধ্য শ্রম থেকে মুক্ত করার কথা বলা হয়েছে।
সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো অটোরিকশাচালক উপস্থিত রয়েছেন।


