
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭২ জন।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে ঢাকা বিভাগে ৬৫৬ জন, চট্টগ্রামে ২৯২, সিলেটে ২১০, খুলনায় ১০১, রংপুরে ৯৫, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭ এবং রাজশাহীতে ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ২৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


