
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সরকার দেশের মানুষকে ‘হাইকোর্ট’ দেখানোর চেষ্টা করলে জনগণ রাজপথে তার জবাব দেবে। একই সঙ্গে তিনি সরকারকে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ‘আপনারা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখানোর নতুন চিন্তা করতেছেন। অনুরোধ করি—বাঙালিরে হাইকোর্ট দেখানোর চেষ্টা কইরেন না। যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করেন, বাঙালি রাজপথ দেখিয়ে ছেড়ে দেবে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার মতো ‘প্রতাপশালী’ ও ‘স্বৈরাচারী’ হতে পারবে না। শেখ হাসিনাকে তার বিদেশি সমর্থকেরাও টিকিয়ে রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
রাড্ডা-কাণ্ড প্রসঙ্গে মামুনুল হক বলেন, এর দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপর দেওয়া যায় না; এর দায় প্রধানমন্ত্রীকেও বহন করতে হবে। একই সঙ্গে তিনি সরকারকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।
গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা এবং দলীয়করণমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার দাবিও জানান খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গণভোটের রায় বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জনগণ যে রায় দিয়েছে, সরকারকে সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে তা বাস্তবায়ন করতে হবে। তাঁর দাবি, গণভোটের রায় বাস্তবায়নে সরকার বিলম্ব করলেও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে নামতে সময় নিয়েছে।
নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক অভিযোগ করেন, একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করে তাদের দলের একটি নিশ্চিত আসনের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে জনগণ সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সংসদে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই তাদের বিজয় থেকে বঞ্চিত করা হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক।
সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা হাশমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, নির্বাহী সদস্য মাওলানা সাকিব সাইফী, নারায়ণগঞ্জ মহানগর যুব মজলিসের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মহানগর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আতিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।


