
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনের সত্যতা এবং আইনগত ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন এবং শুনেছেন। তবে এখনো এর সত্যতা নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় অনুসন্ধান করছে।
তিনি বলেন, আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার আছে কি না—এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত দিকগুলো যাচাই শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডিত আসামি বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত শক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিরোধে কাজ করছে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আবেদন করেছেন। এ-সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভারতে যাওয়ার সময় শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর দায়িত্বে ব্যবহৃত লাল পাসপোর্ট ছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার তার সেই পাসপোর্ট বাতিল করে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর বিষয়ে লন্ডনভিত্তিক আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


