
সৃজিত মুখার্জির পরিচালনায় আসন্ন দুর্গাপূজায় বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটিতে আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এর আগে ‘রক্তবীজ’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। এবার নতুন সিনেমায় দুজনকেই দেখা যাবে তরুণ বিপ্লবীর চরিত্রে।
বিপ্লবী চরিত্র মানেই সাহস, দৃঢ়তা আর ভয়কে জয় করে এগিয়ে চলা। তবে সিনেমাটির প্রচারে এসে নিজের জীবনের এমন এক ভয় নিয়ে কথা বলেছেন মিমি চক্রবর্তী, যা এতদিন অনেকটাই নিজের মধ্যে রেখেছিলেন।

এক সাক্ষাৎকারে মিমি জানান, অভিনয়জীবনে বহু বছর পার করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগের রাতে তার ঠিকমতো ঘুম হয় না। নতুন কাজ শুরুর আগে এক ধরনের অজানা ভয় ও মানসিক চাপ তাকে ঘিরে ধরে।
তবে এই ভয় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পরিস্থিতিকে ঘিরে নয়। বরং নতুন চরিত্র, নতুন সেট এবং নতুন টিমের সঙ্গে কাজ শুরুর আগের স্বাভাবিক মানসিক চাপ থেকেই এমনটা হয় বলে জানান অভিনেত্রী।
মিমি বলেন, এই চাপ সামলাতে শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে সেটে পৌঁছে যান তিনি। এরপর পুরো পরিবেশটা বোঝার চেষ্টা করেন। সেটে কারা রয়েছেন, কীভাবে কাজ হচ্ছে এবং সংশ্লিষ্ট সবাই কীভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন—এসব কাছ থেকে পর্যবেক্ষণ করেন।
তার ভাষায়, নতুন কাজের সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিনটা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আগে থেকেই সেটে গিয়ে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
এদিকে সৃজিত মুখার্জির আরেক সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরী। একই সিনেমায় শরৎচন্দ্রের অমর সৃষ্টি ‘পথের দাবী’র সব্যসাচী চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়। ফলে সৃজিতের একাধিক কাজ ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।


