
১২ শতাধিক আসনের বিপরীতে পরীক্ষার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী; এমসিকিউ পদ্ধতিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার রাজশাহীর রুয়েটের পাশাপাশি ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) পরীক্ষা নেওয়া হবে। দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপি কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ থাকতে হবে।
জিসিই ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ‘বি’ গ্রেড থাকতে হবে। এ ছাড়া তাঁদের ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে স্টিয়ারিং কমিটি দায়িত্ব পালন করবে।



