
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০–২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের বিদায়কে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজন করেছে সম্মিলিত ব্যাচ প্ল্যাটফর্ম ‘নভোঋদ্ধ’২০। সাংস্কৃতিক সন্ধ্যা ও জমকালো র্যাগ কনসার্টকে ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত র্যাগ কনসার্ট। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, হাইওয়ে এবং সংগীতশিল্পী হাসান আর্ক। তাদের একের পর এক জনপ্রিয় গানে রাতভর উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও দর্শক।
কনসার্টে রুয়েটের নিজস্ব ব্যান্ড গানFlower ও RAV3N-ও পরিবেশনা করে। রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাত ৯টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। সুর, আলো ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো রুয়েট ক্যাম্পাস যেন রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবের নগরীতে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অন্তিম প্রহরে’ শীর্ষক কালচারাল নাইটের মধ্য দিয়ে বিদায় উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে ২০ সিরিজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিময় মুহূর্তগুলোকে নতুন করে উদযাপন করেন।
আয়োজকরা জানান, অনুষ্ঠানকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে কালচারাল নাইট ও র্যাগ কনসার্টে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত টি-শার্ট অথবা টিকিট বাধ্যতামূলক করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং বাইরের দর্শনার্থীদের অংশগ্রহণ বিবেচনায় রেখে এ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়।
এবারের র্যাগ কনসার্টের টাইটেল স্পন্সর ছিল HONOR Bangladesh। স্পন্সর পার্টনার হিসেবে ছিল আদি ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
আয়োজকদের ভাষ্য, দীর্ঘ চার বছরের প্রকৌশল শিক্ষাজীবনের স্মৃতি, সংগ্রাম, বন্ধুত্ব ও ভালোবাসার আবেগকে ধারণ করেই শেষবারের মতো এক মঞ্চে মিলিত হন ২০ সিরিজের শিক্ষার্থীরা। বিদায়ের এই আয়োজন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের অমূল্য স্মৃতিকে আজীবন বয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।
‘নভোঋদ্ধ’২০, বৈভবে স্বকীয় নন্দনে’ প্রতিপাদ্যে আয়োজিত এই বিদায় উৎসব ২০ সিরিজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।


