
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে টোটাল নি-রিপ্লেসমেন্ট (Total Knee Replacement) বা হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সরকারি চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হলো আধুনিক অর্থোপেডিক সার্জারির গুরুত্বপূর্ণ এই চিকিৎসাসেবা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগে ৬০ বছর বয়সী বিবিজান নামের চাঁপাইনবাবগঞ্জের এক রোগীর হাঁটু প্রতিস্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছিলেন। রোগটির কারণে তার হাঁটুর জয়েন্টে গুরুতর ক্ষয় দেখা দেয় এবং স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছিল।
চিকিৎসকরা জানান, অস্টিওআর্থ্রাইটিসের কারণে হাঁটুর ক্ষয় যখন গুরুতর পর্যায়ে পৌঁছে যায়, তখন হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে এবং রোগীকে দীর্ঘস্থায়ী ও তীব্র ব্যথায় ভুগতে হয়। ওষুধ, ফিজিওথেরাপি বা অন্যান্য চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া গেলে এ ধরনের রোগীর ক্ষেত্রে টোটাল নি-রিপ্লেসমেন্ট একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আলমগীর হোসেনের নেতৃত্বে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এতে অংশ নেন সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার তারিক সাবু, সহযোগী অধ্যাপক ডা. সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. সাইদ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মাতিউল ইসলাম, ডা. সালেহীনসহ বিভাগের আরও কয়েকজন চিকিৎসক।
অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রফেসর ডা. আলমগীর হোসেন বলেন, টোটাল নি-রিপ্লেসমেন্টের মাধ্যমে রোগীর ক্ষয়প্রাপ্ত হাঁটুর পরিবর্তে কৃত্রিম জয়েন্ট স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হলে রোগী স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন এবং দৈনন্দিন কাজও করতে পারবেন। তবে অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।
তিনি বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এ ধরনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা ধারাবাহিকভাবে চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।’
চিকিৎসকরা মনে করছেন, রামেক হাসপাতালে নিয়মিতভাবে হাঁটু প্রতিস্থাপন কার্যক্রম চালু হলে উত্তরাঞ্চলের রোগীদের জন্য এটি বড় ধরনের সুবিধা তৈরি করবে। বিশেষ করে জটিল হাঁটুর সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ছুটে যাওয়া কিংবা বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। এতে রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি তিনটিই কমবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টোটাল নি-রিপ্লেসমেন্টের এই প্রথম সফল অস্ত্রোপচারকে অর্থোপেডিক্স সার্জারি বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।


