
রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ; ভাড়া নির্ধারণ ও অ্যাম্বুলেন্স প্রাপ্তির ভোগান্তি কমানোর প্রত্যাশা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং সেবার পরিবেশ উন্নয়নে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগের সামনে এ দুটি উদ্যোগের উদ্বোধন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ বক্সের মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর উপস্থিতি নিশ্চিত করা হবে। অন্যদিকে, বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র থেকে জরুরি রোগী পরিবহন, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তর এবং মরদেহ পরিবহনে সমন্বিত সহায়তা দেওয়া হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের উদ্যোগ ও নেতৃত্বে এ কার্যক্রম চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. নূর আলম সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও স্বজনের সমাগম ঘটে। এ কারণে নিরাপত্তা, শৃঙ্খলা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের উপস্থিতি জরুরি। পাশাপাশি বেসরকারি অ্যাম্বুলেন্সের প্রাপ্যতা, ভাড়া নির্ধারণ ও সেবার সমন্বয় নিয়ে রোগীর স্বজনদের ভোগান্তি কমানো প্রয়োজন।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন সহায়তা কেন্দ্রের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণে রোগীর স্বজনদের ভোগান্তি কমবে এবং জরুরি প্রয়োজনে দ্রুত পরিবহনসেবা পাওয়া সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মো. ওয়াসিম হোসেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মো. মোফাখখারুল ইসলাম, রামেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, হাসপাতালের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির নেতারা।


