
পরিচালকের কক্ষে অবরুদ্ধ, উদ্ধারের সময় ডিম নিক্ষেপ ও হামলা; বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপে ফেরার সুযোগ চেয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র উত্তেজনার মুখে পড়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম। ১০ নভেম্বর ঙ্গলবার সকালে পরিচালকের কার্যালয়ে গেলে তাদের অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পরে পরিচালকের কক্ষে আটকে রাখার পর পুলিশি হেফাজতে নেওয়ার সময়ও চলে মারধর, ডিম নিক্ষেপ ও ধস্তাধস্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুপুরে তাদের উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে চন্দ্রিমা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শুভ ও নাহিদ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে তারা হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের সঙ্গে যোগাযোগ করছিলেন। মঙ্গলবার তার মাধ্যমে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হয়। এ জন্য তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের ঘিরে ধরেন। একপর্যায়ে তাদের মারধর করা হয়। পরে তাদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।
উদ্ধারের সময় ডিম নিক্ষেপ, ফের মারধর
খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে পৌঁছান। বিপুলসংখ্যক পুলিশ সদস্য হাসপাতাল এলাকায় অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালকের কক্ষ থেকে শুভ ও নাহিদকে বের করে আনা হয়।
তাদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছিল। গাড়িতে তোলার সময় সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে মারধর শুরু হলে শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। এ সময় কয়েকজন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন। এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ নেতাকর্মীদের ছাত্রলীগবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
দুই বছর স্থগিত ছিল ইন্টার্নশিপ
শুভ সরকার রামেকের ৫৯তম এবং নাহিদ ইসলাম ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ইন্টার্নশিপের সুযোগ পেতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছিলেন তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হাসপাতালে যান।

আব্দুর রহমান রিয়াদ নামের এক শিক্ষার্থী বলেন, ইন্টার্নশিপের বিষয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা। পরিচালকের অপেক্ষায় পাশের কক্ষে থাকার খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে প্রশাসনের কাছে সোপর্দ করতে গেলে উল্টো তাদের মারধর করে বের করে দেওয়া হয়। এরপর ওই দুজনকে পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য। তাদের সঙ্গে গোপন বৈঠকের কী আছে? এত সময় ধরে কক্ষে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। তাদের দ্রুত প্রশাসনের হাতে তুলে দিতে হবে।’
আবেদন ছাড়াই পরিচালকের সঙ্গে সাক্ষাৎ
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা পার হওয়ার পর নিয়ম অনুযায়ী নতুন করে আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তারা ইন্টার্নশিপ করতে পারবেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ‘স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু গণমাধ্যমকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ এর আগের বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের কক্ষে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ে যায়। তিনি এ ঘটনায় আইনানুগ শাস্তির দাবি জানান।
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান মানবকণ্ঠকে বলেন, শুভ ও নাহিদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। চন্দ্রিমা থানায় মঙ্গলবার দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিচালকের কক্ষে প্রবেশের চেষ্টা করলে সেখানে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে।


