
বিসিক শিল্পনগরীর প্লট মালিকদের সঙ্গে শিল্পমন্ত্রীর আলোচনা
রাজশাহীতে শিল্পায়ন ত্বরান্বিত, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পনগরীর উন্নয়নে প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক শিল্পনগরীর প্লট মালিকদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিল্প স্থাপন ও সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা, শিল্পনগরীর সার্বিক উন্নয়ন এবং প্লট মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে করণীয় নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
সভায় উপস্থিত শিল্প মালিকরা বলেন, রাজশাহীতে শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগানো, উদ্যোক্তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পনগরীর উন্নয়ন ত্বরান্বিত করতে এ ধরনের মতবিনিময় কার্যকর ভূমিকা রাখবে।
এর আগে শিল্পমন্ত্রী রাজশাহী বিসিক শিল্পনগরী-২ পরিদর্শন করেন। এ সময় তিনি শিল্প সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন।


