
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে গুণগত মানসনদ না নিয়ে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর মহিলা কলেজ সংলগ্ন ‘রাজ বেকস লাইভ বেকারি’কে এ জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করে আসছিল। পাশাপাশি এসব পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসম্বলিত লেবেল ব্যবহার করা হচ্ছিল না।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


