
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরএমপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১১ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে নগরের কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের সড়কে এ মিছিল বের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি মিছিলে বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পুলিশকে খবর দিতে গেলে এক ব্যক্তিকে মারধরের উদ্দেশ্যে মিছিলকারীরা তেড়ে আসেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার মধ্যে বোয়ালিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। মিছিলে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আরএমপি।


