
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও, ঘটনাস্থল পরিদর্শন প্রশাসনের; আলামত সংগ্রহ করেছে পুলিশ
রাজশাহীর তানোরে রাতের আঁধারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও কার্যালয়ে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা। অন্যদিকে, ঘটনার আগে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় আজিজপুর বাজারে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। একতলা একটি ভবনের দোকানঘরে কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ঘিরে আলোচনা
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে আজিজপুর বাজারের দলীয় কার্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বোনকেশর ব্রিজঘাট উচ্চবিদ্যালয়ের বারান্দা ও মাঠে ছাত্রলীগের ব্যানারে পাঁচজনকে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।
তানোর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেনের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকর্মীরা বিদ্যালয় এলাকায় বিক্ষোভ করার পর সেখান থেকে এসে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। বিদ্যালয়ের গেটেও তাদের উপস্থিতির ভিডিও রয়েছে বলে তিনি দাবি করেন।
মোতালেব হোসেন বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। তারাই এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে তারা মনে করছেন। কলমা ইউনিয়নে বিএনপির কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয়, বিক্ষোভের সঙ্গে অগ্নিসংযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন প্রশাসনের, আলামত সংগ্রহ
মঙ্গলবার সকালে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এ সময় তারা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষ রাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


