
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস চলাকালে সাংবাদিক জিয়াউল কবির (৪৮)কে মারধর, গলা চেপে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) দামকুড়া থানায় বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী সাংবাদিক।

মামলার আসামিরা হলেন—ফেরদৌস রহমান খোকন (৫৫), ইসমাইল হোসেন পিন্টু (৬০), এজাহারুল হক কাকন (৫৭), আজিজুর রহমান (৬০) ও শহিদুল ইসলাম (৩৫)।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শালিস চলছিল। একপর্যায়ে ক্ষতিপূরণের বিষয় নিয়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আসামিরা সাংবাদিক জিয়াউল কবিরের ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা তাঁকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে ইট-পাথর দিয়ে তাঁর ডান হাতের কব্জিতে আঘাত করা হয়। এ সময় তাঁর পকেট থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পরে উপস্থিত ইউপি সদস্য ও অন্যরা তাঁকে উদ্ধার করেন। ঘটনার সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৫০৬(২) ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিখিত এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


