
বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে রাজশাহীতে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলার পবা উপজেলাধীন কাটাখালী সমসাদীপুর এলাকায় অভিযান চালিয়ে ‘আলিফ ট্রেডার্স বেকারী’ নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন।

জানা গেছে, বিএসটিআই’র মানসনদ ব্যতিরেকেই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল আলিফ ট্রেডার্স বেকারী। এছাড়া পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মনোগ্রাম ব্যবহার করা হচ্ছিল। একইসঙ্গে মোড়কে পণ্য উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিএসটিআই সূত্রে জানানো হয়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং সাধারণ মানুষের জন্য গুণগত মানসম্পন্ন ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এই ধরনের তদারকি ও তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


