
মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও কোপালেন ছেলে
রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আমিনুলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। তাঁকে নিয়ন্ত্রণে আনতে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে আমিনুল তাঁর মা জান্নাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা পুলিশ।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পারিবারিক বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


