
ভক্তদের চমকে দিয়ে বিয়ে করেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জেনিফার উইঙ্গেট। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে ঘরোয়া আয়োজনে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে।
সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর ৪০ বছর বয়সে এসে নতুন করে ভালোবাসার সম্পর্কের পূর্ণতা পেল জেনিফারের জীবনে। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পর উইলিয়ামের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

জানা যায়, ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে উইলিয়াম ইসমাইলের সঙ্গে জেনিফারের প্রথম পরিচয়। তবে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয় অনেক পরে। ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন। এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় উইলিয়াম জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন।
দীর্ঘদিনের সেই সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায় ২০২৬ সালের জুলাইয়ে। ওয়েলসে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন করেন তারা। বিষয়টি এতদিন প্রকাশ্যে না আসায় জেনিফারের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপনে বিয়ে করার প্রসঙ্গে মুখ খুলেছেন জেনিফার। হাসতে হাসতে তিনি বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে।’
ব্যক্তিগত জীবন নিয়ে জেনিফার বলেন, একজন তারকা হওয়ার কারণে ব্যক্তিগত জীবন সবসময় ব্যক্তিগত রাখা কঠিন। তার ভাষায়, ‘সত্যি বলতে—নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’
প্রেম ও ভালোবাসা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি বলেন, ভালোবাসা মানেই শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার, বন্ধু কিংবা পোষা প্রাণীর নিঃশর্ত ভালোবাসার গুরুত্বও বোঝা যায়।
জেনিফারের ভাষায়, ভালোবাসাকে শুধু একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জীবনে একবার মন ভেঙে গেলেই সব শেষ হয়ে যায় না। বন্ধুত্বে ঝগড়া হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, জীবনে ওঠানামা থাকবেই—আর এসবের মধ্য দিয়েই জীবন এগিয়ে চলে।
সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনিফার স্পষ্ট করে জানান, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী।


