
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রী সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের ডিলারশিপ পাওয়ার ঘটনা দেখা গেছে। তার ভাষ্য, সংসদ সদস্যের ছেলে ও মেয়ে যেমন সারের ডিলার হয়েছেন, তেমনি এক সংসদ সদস্যের শ্যালিকাও কার্ড পেয়েছেন।

তিনি বলেন, ‘এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এ কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।’
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, একটি পক্ষ দেশকে আবারও পিছিয়ে নিতে চায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


