
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় নৃশংস হামলায় বিচারকের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনায় আইন উপদেষ্টা এক বিবৃতিতে সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ মর্মে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল এই মর্মান্তিক ঘটনায় নিহত তাওসিফ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত তাসমিন নাহারের দ্রুত সুস্থতা কামনা করছেন।


