
ঐতিহ্যবাহী আট দলের টুর্নামেন্ট; খেলা দেখতে দূরদূরান্ত থেকে দর্শক, জমজমাট স্থানীয় বেচাকেনা
ঈদের আনন্দ যেন ফুটবল মাঠে! প্রতিবছর একটি নির্দিষ্ট সময় এলেই ফুটবলকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় রাজশাহীর পবার বিলনেপাল পাড়ায়। স্থানীয় মানুষের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী একদিনের ফুটবল টুর্নামেন্ট দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো দর্শক। খেলার মাঠের পাশাপাশি বসে নানা পণ্যের দোকান। এতে জমে ওঠে স্থানীয় বেচাকেনাও।

শনিবার (১৪ নভেম্বর) পবার বিলনেপাল পাড়া চাষী রহিম বখ্শ একাডেমির মাঠে অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্ট। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আটটি দল অংশ নেয়। সকালে শুরু হওয়া খেলা শেষ হয় সন্ধ্যায়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর আটটি দল নিয়ে একদিনেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। আয়োজনে থাকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ বছর যে আটটি দল খেলেছে, আগামী বছর অংশগ্রহণের সুযোগ পাবে অন্য আটটি দল। খেলায় বিশৃঙ্খলা বা মারামারিতে জড়িত কোনো দলকে পরবর্তী সময়ে আর সুযোগ দেওয়া হয় না।
স্থানীয় বাসিন্দা রেদোয়ান বলেন, প্রতিবছরই এ নিয়মে খেলা অনুষ্ঠিত হয়। এটি শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, স্থানীয় মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য। সবাই মিলে আয়োজনটি ধরে রেখেছেন।
স্থানীয় আবজাল বলেন, ‘এ খেলাটি আমাদের কাছে ঈদের মতো। প্রতিবছর আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন থেকে মানুষ খেলা দেখতে আসেন।’
খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের দোকান। এতে বাড়তি আয় হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। একাডেমির শিক্ষার্থী নুসরাত ও সাবা জানায়, টুর্নামেন্ট উপলক্ষে মাঠের আশপাশে অনেক দোকান বসে। এসব দোকানে কেনাকাটাও বেশ ভালো হয়।
রাজশাহী শহর থেকে ফলের দোকান নিয়ে আসা রহিম বলেন, দর্শক সমাগম অনেক বেশি হওয়ায় বেচাকেনাও ভালো হয়। এ কারণেই প্রতিবছর তিনি এখানে দোকান নিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্য, প্রয়াত চাষী রহিম বখ্শের স্মৃতি ধরে রাখতেই মূলত এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা। এর মধ্যে রয়েছে বিলনেপাল পাড়া পল্লী উন্নয়ন সমিতি ও চাষী ক্লাব। তাঁর স্মৃতিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে গড়ে ওঠা ঐক্য ও সম্প্রীতির ধারাবাহিকতায় টুর্নামেন্টটি প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে।
এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, আরএমপির কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মো. মোকবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলনেপাল পাড়া চাষী রহিম বখ্শ একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামালুজ্জামান।


