
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর পুঠিয়ায় ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে খোলা মাঠে বজ্রপাতের ঝুঁকি ও করণীয় নিয়ে কৃষকদের সচেতন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ধোপাপাড়া এলাকার বড়বিলের রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। এর মধ্যে বজ্রপাত বিশেষ করে কৃষকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বড়বিল এলাকার সড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা। সেখানে বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সূত্রে জানা গেছে, নওগাঁ সদর ও পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রায় ১৩ হাজার তালগাছের চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুঠিয়ার ধোপাপাড়া বড়বিলে আরও ২০০টি চারা রোপণ করা হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসরাফিল হক। এ সময় উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইমরান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুল রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার শেরেকুল ইসলাম, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার নাহিদ আক্তারসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, বড়বিলের সড়কের পাশে বেড়ে ওঠা তালগাছের সারি একদিকে যেমন এলাকার সবুজ সৌন্দর্য বাড়াবে, অন্যদিকে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে।


