
রাজশাহীর পবা উপজেলায় ইয়াবা সেবনের সময় দুই তরুণকে আটক করে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। আটককালে তাঁদের কাছ থেকে ১২টি ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি সেবন করা অবস্থায় ছিল। মামলার আলামত হিসেবে একটি রেখে বাকি নয়টি ইয়াবা প্রকাশ্যে গুঁড়া করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার এয়ারপোর্ট থানাধীন মহানন্দখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গোদাগাড়ী উপজেলার ঋষিকুল এলাকার ইনসানের ছেলে হৃদয় (২১) ও একই এলাকার সেলিমের ছেলে ইমন (২১)।
ইউএনও মো. ইবনুল আবেদীন জানান, এয়ারপোর্ট থানার পুলিশ তাঁদের ইয়াবা সেবনের সময় আটক করে। এ সময় প্রত্যেকের কাছ থেকে ছয়টি করে মোট ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাঁরা অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও বলেন, উদ্ধার করা ১২টি ইয়াবার মধ্যে দুটি তাঁরা ইতোমধ্যে সেবন করেছিলেন। অবশিষ্ট ১০টির মধ্যে একটি মামলার আলামত হিসেবে রাখা হয়েছে। বাকি নয়টি ইয়াবা উপস্থিত সবার সামনে হাতুড়ি দিয়ে গুঁড়া করে পানিতে মিশিয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিস্তার রোধে পবা উপজেলায় নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এয়ারপোর্ট থানার এসআই মো. মহিউদ্দিন এবং পুলিশ সদস্য শামীম রেজা ও নয়ন কুমার উপস্থিত ছিলেন।


