
স্ত্রী গৌরির নিয়মে চলতে হয় বাদশাহকে; দুবাইয়ের অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে আড্ডায় শোনালেন ঘরের গল্প
নিজের বাড়িতে স্ত্রী গৌরি খানের নিয়মই শেষ কথা। সেখানে বলিউড বাদশাহ শাহরুখ খান কিংবা তাঁর সন্তান আরিয়ান ও সুহানার কারও মতামতের বিশেষ গুরুত্ব নেই। এমনটাই রসিকতার ছলে জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপকালে ঘরের ভেতরের মজার গল্প শোনান শাহরুখ। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরি খান, যিনি প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশা করেছেন।

করণ জোহরের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, বাড়িতে ঢোকার পর তাঁর বা সন্তানদের কারও কোনো কথা চলে না। বাড়ির ওয়াইফাই নিয়ে অভিযোগ করা, বিছানায় বসে খাওয়া কিংবা বাড়ির রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ ও আলোর ব্যবস্থা নিয়ে মন্তব্য করারও সুযোগ নেই। সবাইকে চুপচাপ বসে শুধু বলতে হয়, ‘গৌরি, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ দুবাইয়ের নতুন পেন্টহাউসেও তাঁকে একই কথা বলতে হবে বলে মজা করেন তিনি। তবে বাড়ির বাইরে সন্তানদের নিয়ে নিজের মতো আনন্দ করার স্বাধীনতা রয়েছে বলেও জানান শাহরুখ।
আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান শাহরুখ? জবাবে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ আওড়ে দেন তিনি। মাইক্রোফোনে জোরালো কণ্ঠে বলেন, ‘হাজার মুলকো মে বাদনাম, অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ও পাতা হ্যায় কিউ? কিউকি ম্যায় ডার নেহি, দেহশত হুঁ।’ অর্থাৎ, তিনি ভয় নন, আতঙ্ক।
অনুষ্ঠানে ‘কিং’ সিনেমার গানের তালে নেচে এবং নিজের সিগনেচার পোজ দিয়ে ভক্তদেরও মাতিয়ে তোলেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


