
শিশুদের দিলেন শিক্ষা উপকরণ, পাশে থাকার আশ্বাস
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর রাজশাহীঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় এগিয়ে নিতে এবং তাদের অধিকার সুরক্ষায় রাজশাহীর দুর্গাপুরে ‘উমেদ স্যার স্মরণিক প্রতিবন্ধী পাঠশালা’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৩ নম্বর পানানগর ইউনিয়নের বেলঘরিয়া বাজারসংলগ্ন এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং শিশুদের হাতে টিফিন বক্স ও শিক্ষা উপকরণ তুলে দেন।

২০১৫ সালে প্রায় সাড়ে ৩২ শতক জমির ওপর গড়ে ওঠা এ পাঠশালাটিতে বর্তমানে প্রায় ২০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিয়মিত পড়ালেখা করছে। চারটি পাকা শ্রেণিকক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, বুদ্ধিপ্রতিবন্ধিতা এবং দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নিবিড় পরিচর্যার মাধ্যমে পাঠদান করানো হয়।
তৃণমূল পর্যায়ে মানবিক সেবার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেও তীব্র অর্থসংকটে ধুঁকছে ব্যতিক্রমী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই কোনো ধরনের বেতন-ভাতা ছাড়া সম্পূর্ণ বিনাশ্রমে পাঠদান ও সেবা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির ২৫ জন শিক্ষক ও কর্মচারী। পাশাপাশি অনেক অভিভাবকও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিদিন শিশুদের সার্বিক পরিচর্যায় সহযোগিতা করে যাচ্ছরিহি
পরিদর্শনকালে পাঠশালার শিক্ষক ও অভিভাবকদের ত্যাগ ও মানবিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন ইউএনও উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ধৈর্য ও স্নেহ দিয়ে গড়ে তোলার চেয়ে মহৎ কাজ আর হতে পারে না। যাঁরা কোনো প্রতিদান ছাড়া এই শিশুদের মূলধারায় আনতে কাজ করছেন, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিকূলতায় ভেঙে না পড়ে পরম মমতায় সন্তানদের এগিয়ে নিতে হবে। যেকোনো সংকট বা সহযোগিতায় উপজেলা প্রশাসনের দরজা তাঁদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।
পরে তিনি শিশুদের মাঝে টিফিন বক্স ও পেন্সিল বক্স বিতরণ করেন এবং তাদের সাথে কিছু সময় কাটান।
উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের টেকসই পৃষ্ঠপোষকতা ও সহায়তা পেলে বিশেষ শিশুদের এই আশ্রয়স্থলটি আরও বিকশিত হয়ে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


