
তিন মাসের বিশেষ কর্মসূচি, পর্যায়ক্রমে আওতায় আসবে নগরীর ৩০ ওয়ার্ড
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ অভিযান চালানো হবে। মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে রাসিক।

রাসিক সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকার স্লাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হচ্ছে।
৩০টি ওয়ার্ডে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালানো হবে। এ ছাড়া নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষভাবে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন এর সাথে কথা হলে তিনি বলেন, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম আবারও শুরু হয়েছে। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন পরিষ্কার এবং ড্রেনে লার্ভিসাইড স্প্রেসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এসব কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে।


