
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব; পাঁচ দফা পদক্ষেপের আহ্বান
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় না ফেলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার পূরণে যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
তিনি বলেন, ‘জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।’
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু-সহনশীল ঋণ সুবিধা, ঋণের বিনিময়ে জলবায়ু সুরক্ষা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো।
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের চাপ কমাতে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ চালুর প্রস্তাবও দেন তিনি। পাশাপাশি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান।
বক্তব্যে বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এরপরও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য রয়েছে। চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, পরিবেশবান্ধব পরিবহন এবং কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ও তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলন প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত আসা প্রয়োজন।
উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়েছে ১১ দিনব্যাপী কপ-৩১ সম্মেলন। এতে বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।


