
ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবাদমাধ্যম পরিচালনা, সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ এবং সংবাদ তৈরিতে এআইয়ের ব্যবহার বর্তমানে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর পাশাপাশি সংবাদ যাচাই, সম্পাদনার মানোন্নয়ন ও পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো কর্মশালায় গুরুত্ব পায়।
কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার নতুন প্রবণতা, সম্পাদকীয় নেতৃত্বের ভূমিকা, এআইনির্ভর সংবাদ উৎপাদনের সম্ভাবনা ও সীমাবদ্ধতা এবং কার্যকর নিউজরুম কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির সহায়তায় সংবাদ তৈরির গতি বাড়ানোর পাশাপাশি তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিকতার দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেন প্রশিক্ষক।

প্রশিক্ষক অমৃত মলঙ্গী অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ তৈরিতে এআই ব্যবহার করলেও তথ্য যাচাই, সম্পাদনাগত বিচারবোধ ও সাংবাদিকতার মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না বলে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিক ও দৈনিক খুলনা গেজেটের প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন। এ ছাড়া প্রশিক্ষক অমৃত মলঙ্গী, ইয়োর প্রোমো বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হাসানুর রহমান তানজির এবং ওভারসিজ এডুকেয়ারের স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই সময়ে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সীমাবদ্ধ থাকলে চলবে না। সম্পাদকীয় নেতৃত্ব, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং আধুনিক নিউজরুম পরিচালনাতেও দক্ষতা অর্জন জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।


