
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দলীয় পদ থেকেও পদত্যাগ করতে বলা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি এবং সংসদ সদস্য—দুই পদ থেকেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির একজন নীতিনির্ধারক জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর মিষ্টির বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তবে মিষ্টি ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে তদন্তও চলছে।
রাড্ডা সেন্টারের ঘটনার পর মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়। এরই মধ্যে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মিষ্টি ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।
দলীয় সূত্রের ভাষ্য, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় মিষ্টির দলীয় ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত এসেছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।


