
দলের সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ উপ-কমিটির প্রধান করা হয়েছে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। এর মধ্য দিয়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি নতুন দায়িত্ব পেলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।
এ উপ-কমিটির মাধ্যমে বিভাগীয় ও মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে এনসিপির।
এদিকে, একই বৈঠকে দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের পর উপজেলা পর্যায়েও সাংগঠনিক কাঠামো বিস্তারের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি।
নতুন দায়িত্ব পাওয়া সারজিস আলম বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দেশের বিভাগ ও মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও তাঁর ওপর পড়ল।


