
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে স্বাভাবিকের তুলনায় কিছুটা ভিন্নভাবে দেখা গেছে। অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে মনোলগ দেওয়ার পরিবর্তে সঞ্চালকের চেয়ারে বসেই পর্বের সূচনা করেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

সাধারণত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে দর্শকদের সঙ্গে কথা বলেন অমিতাভ বচ্চন। কিন্তু সাম্প্রতিক পর্বে তাকে দ্রুত নির্ধারিত আসনে বসে পড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসে উপস্থিত দর্শকদেরও।
পরে নিজের অবস্থার কারণ নিজেই জানান অমিতাভ। হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যান। এতে বাঁ হাঁটুতে চোট লাগে তার।
চোটের কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় এবার বসেই অনুষ্ঠানের শুরুর অংশের মনোলগ করতে হয়েছে বলে জানান অভিনেতা। তবে এ নিয়ে দর্শক ও ভক্তদের উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দেন তিনি।
অমিতাভ জানান, চোট গুরুতর নয়। প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য তিনি যথারীতি দাঁড়িয়ে তাদের স্বাগত জানাবেন বলেও জানান।
অভিনেতার এমন পেশাদারিত্বে সেটে উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টরা করতালি দিয়ে তাকে উৎসাহ দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানের সঞ্চালকের আসনে বসে থেকেও নিজের স্বাভাবিক প্রাণবন্ত উপস্থাপনা ধরে রাখেন অমিতাভ বচ্চন।


