
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’-এর রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ‘দৈনিক সকালের সময়’-এর অনলাইন পোর্টালে এবং পরদিন ৬ সেপ্টেম্বর পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ‘সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের দুই দিন পর ৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩টা ৫৭ মিনিটে বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে শাহিনুর রহমানের ব্যক্তিগত মুঠোফোনে ০১৭১৪৮১৪৯৮১ নম্বর থেকে কল আসে। জিডিতে অভিযোগ করা হয়েছে, ফোনের অপর প্রান্তের ব্যক্তি প্রকাশিত প্রতিবেদন নিয়ে তাঁকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপবাদ দেন। একপর্যায়ে সুযোগ পেলে বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, হুমকিদাতা বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁদের নিকটাত্মীয় বলে পরিচয় দেন।
এ ঘটনায় ওই দিনই বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন সাংবাদিক শাহিনুর রহমান। জিডি নম্বর ৫৪২, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক আতঙ্কে আছি। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেবে।’
সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহলের অনেকে।


