
নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। দুই পর্বের আয়োজনই হবে টঙ্গীর তুরাগ তীরে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইজতেমার তারিখ ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব ইজতেমার দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন।
সূচি অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমা আগামী ৮ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১০ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। এ পর্ব চলবে ১৭ জানুয়ারি রোববার পর্যন্ত।
এদিকে, দ্বিতীয় পর্বে তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমার আয়োজন ও অংশগ্রহণ নিয়ে বিরোধ চলে আসছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের বিশ্ব ইজতেমাও দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


