
সকালে দূর্বা ঘাসে শিশিরবিন্দু জানান দিচ্ছে যে শীতকাল আর বেশি দূরে নেই। গ্রাম-বাংলার প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা স্পষ্ট হলেও শহর জীবনে উষ্ণতার পরশ এখনও পুরোপুরি কাটেনি।

বাংলাদেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা শিগগিরই বিদায় নিতে চলেছে। এরই মধ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আবহ লক্ষণীয়ভাবে বাড়তে শুরু করেছে। পঞ্চগড়সহ কিছু প্রান্তিক অঞ্চল মাঝেমধ্যেই হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, যা শীতের আগমনকে আরও স্পষ্ট করে তুলছে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে দেশ একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে। অক্টোবরের শুরুতেই আবহাওয়া অধিদপ্তর তাদের তিন মাসব্যাপী আবহাওয়ার বার্তা প্রকাশ করেছে।
ওই বার্তায় বলা হয়েছে, দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হওয়ার আশঙ্কা আছে।
অন্যদিকে, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এই সময়ের মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।


