
তারকাখ্যাতি, বিশাল বাজেট কিংবা আকাশছোঁয়া প্রচারণা—কোনোকিছুই যে শেষ পর্যন্ত সিনেমার সাফল্যের নিশ্চয়তা দিতে পারে না, ২০২৫ সালে তা আবারও প্রমাণ করল বলিউড। চলতি বছরে এমন অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছিল, যা নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু দুর্বল গল্প আর আলগা চিত্রনাট্যের কারণে বক্স অফিসে চরম ব্যর্থতার মুখে পড়েছে এসব ছবি।

সালমান খান, হৃতিক রোশন, রাম চরণ কিংবা শহীদ কাপুরের মতো সুপারস্টাররাও নিজেদের সিনেমাকে ফ্লপের হাত থেকে বাঁচাতে পারেননি। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে বক্স অফিসে মুখ থুবড়ে পড়া আলোচিত ৭টি সিনেমা:
১. ওয়ার ২: হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর মতো দুই বড় সুপারস্টার থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। ৪০০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত এই ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল মাত্র ৩৬৫ কোটি টাকা। ওপেনিং ভালো হলেও ধীরে ধীরে ছবির গতি কমে যায় এবং প্রায় ৪০ কোটি টাকার লোকসানের মুখে পড়ে।
২. সিকান্দার: সালমান খানের এই সিনেমা নিয়ে ব্যাপক হাইপ থাকলেও দুর্বল গল্পের কারণে তা টিকতে পারেনি। অনুমানযোগ্য প্লট আর গৎবাঁধা চিত্রনাট্যের কারণে বছরের অন্যতম বড় ফ্লপ এটি। ছবিটির ইন্ডিয়া নেট কালেকশন ১০৯.৬৪ কোটি টাকা।
৩. গেম চেঞ্জার: রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এই ছবিটি ধীরগতির কারণে দর্শকদের ধৈর্যচ্যুতির কারণ হয়। প্রেক্ষাগৃহে কোনো প্রভাব ফেলতে না পারা এই সিনেমাটির আয় ১৩১.১৭ কোটি টাকা।
৪. ঠগ লাইফ: কিংবদন্তি কমল হাসানের এই সিনেমাটি ছিল বছরের অন্যতম ব্যয়বহুল ফ্লপ। নেতিবাচক পর্যালোচনার কারণে ছবিটি বক্স অফিসে দাঁড়াতেই পারেনি। এর আয় মাত্র ৪৮.১৮ কোটি টাকা।
৫. দেবা: মুক্তির আগে শহীদ কাপুরের লুক নিয়ে উন্মাদনা থাকলেও সিনেমাটি দর্শকদের হতাশ করেছে। গতানুগতিক গল্প ও আকর্ষণহীন ট্রেলারের কারণে ছবিটি মাত্র ৩৩.৯ কোটি টাকা আয় করতে সক্ষম হয়।
৬. ইমার্জেন্সি: কঙ্গনা রানাওয়াতের বহুল আলোচিত রাজনৈতিক ড্রামা ‘ইমার্জেন্সি’ও দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। বক্স অফিসে এর সংগ্রহ ছিল খুবই নগণ্য, মাত্র ১৮.৩৫ কোটি টাকা।
৭. আজাদ: আমান দেবগন ও রাশা থাদানির অভিষেক এই চলচ্চিত্রটি মুক্তির আগে গুঞ্জন তুললেও মুক্তির পর মুখ থুবড়ে পড়ে। একঘেয়ে প্লটের কারণে দর্শকরা এটি প্রত্যাখ্যান করেন। ছবিটির আয় মাত্র ৮ থেকে ৯ কোটি টাকা।
এই তালিকা আবারও প্রমাণ করে যে, দর্শকদের কাছে সিনেমার আসল নায়ক হলো এর গল্প ও চিত্রনাট্য; কেবল বড় তারকা দিয়ে এখন আর বক্স অফিস জয় করা সম্ভব নয়।


