
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন ও লাল নিশানা টানানোর ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া ট্রাক টার্মিনালের বিআরটিসি বাস ডিপোতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডিপোতে থাকা একটি নন-এসি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তাপে পাশে থাকা আরেকটি এসি বাসের জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়।

দায়িত্বরত নৈশপ্রহরী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের বাগমারী এলাকায় রেললাইনের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে লাল নিশানা টানিয়ে রাখা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেনটি আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে লাল নিশানা সরিয়ে দেন। প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এতে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, গভীর রাতে নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ছাড়া জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।


