
নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। এ নিয়ে চলতি বছরে হামে ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে। মঙ্গলবার (৬ অক্টোবর)২০২৬ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং অন্যান্য এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৩৯৩ রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৬৮ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৬৪, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১২৩, ময়মনসিংহে ৮৫, খুলনায় ১১১ এবং রংপুরে ৪২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।
মৃত্যুর হিসাবে দেখা গেছে, চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩২ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক পরিসংখ্যানে দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির চাপ অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে।


