
ছুটির দিনের সকালে হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন বহু মানুষ। বিভিন্ন স্থানে দেয়াল ধস, ভবনে ফাটল ও আতঙ্কজনক পরিস্থিতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরুরি কাজ চলছে। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন ভূমিকম্প কতটা বিধ্বংসী হতে পারে? বাস্তব পৃথিবীতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়েই নির্মিত হয়েছে বহু জনপ্রিয় চলচ্চিত্র, যেগুলো দুর্যোগের ভয়াবহতা অত্যন্ত বাস্তবভাবে উপস্থাপন করেছে। দেখে নেওয়া যাক তেমনই পাঁচটি সিনেমার গল্প-
১. স্যান অ্যানড্রেস (২০১৫)
ডোয়াইন জনসন অভিনীত ব্লকবাস্টার এই ছবিতে দেখানো হয়েছে ক্যালিফোর্নিয়ার কুখ্যাত ‘স্যান অ্যানড্রেস ফল্ট’-এ সংঘটিত ৯ মাত্রার ভয়ংকর ভূমিকম্প। ধসে পড়া ভবন, সুনামি ও শহরজুড়ে মারাত্মক ধ্বংসযজ্ঞের দৃশ্য ভয়ে শিহরিত করে দর্শককে। গল্পে এক রেসকিউ পাইলট নিজের পরিবারকে বাঁচাতে শুরু করে অদম্য সংগ্রাম।
২. দি ইম্পসিবল (২০১২)
২০০৪ সালের ভারত মহাসাগরীয় ভূমিকম্প ও সুনামির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবিতে থাইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়া এক পরিবারের বিভীষিকাময় অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। বিশাল ঢেউয়ে পরিবারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেঁচে থাকা ও প্রিয়জনকে খুঁজে পাওয়ার সংগ্রাম দর্শকের হৃদয়ে দাগ কাটে। নাওমি ওয়াটস ও ইউয়ান ম্যাকগ্রেগরের অসাধারণ অভিনয় ছবিটিকে আরও শক্তিশালী করেছে।
৩. আফটারশক (২০১২)
চিলিতে আঘাত হানার পর ভয়াবহ ভূমিকম্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে দেখানো হয়, একটি নাইটক্লাব ধসে পড়লে কয়েকজন পর্যটক কীভাবে জীবন-মৃত্যুর লড়াইয়ে পড়ে। ভূমিকম্পের পরও চারদিকে বিশৃঙ্খলা, লুটতরাজ ও আতঙ্কের নতুন দুঃস্বপ্নে পড়ে তারা।
৪. দ্য কোয়াক (২০১৮)
নরওয়ের এই দুর্যোগধর্মী চলচ্চিত্রটি ‘দ্য ওয়েভ’-এর সিক্যুয়েল। এতে একজন ভূতাত্ত্বিক বুঝতে পারেন, অসলোতে যেকোনো সময় ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে। কর্তৃপক্ষ সতর্কতা না মানায় ঘটে বিপর্যয়। পরিবারের জীবন বাঁচাতে শুরু হয় তার মরিয়া লড়াই। টানটান উত্তেজনা ও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য ছবিটি বিশেষভাবে প্রশংসিত।
৫. আর্থকোয়েক (১৯৭৪)
লস অ্যাঞ্জেলেসে ৯.৯ মাত্রার কল্পিত ভূমিকম্পের ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে এ ক্লাসিক দুর্যোগ সিনেমায়। সে সময়ের প্রযুক্তি সত্ত্বেও অসাধারণ ভিজ্যুয়াল ও গল্পের গভীরতা এখনও দর্শকদের মুগ্ধ করে।
সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঙ্গে এসব চলচ্চিত্রের দৃশ্য মিলিয়ে অনেকেই নিজেদের আতঙ্কের প্রতিফলন দেখতে পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগপ্রবণ দেশে সচেতনতা বাড়াতে বাস্তব ঘটনার ওপর নির্মিত এমন চলচ্চিত্র মানুষের প্রস্তুতি ও সতর্কতাবোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


