
পিএইচডি ডিগ্রি অর্জনের পর প্রথমবারের মতো টেলিভিশনে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত মিথিলা এবার মুখ খুলেছেন অতীত ও বর্তমান সম্পর্ক নিয়ে—যেখানে উঠে এসেছে তার প্রাক্তন স্বামী তাহসান খান ও বর্তমান স্বামী সৃজিত মুখার্জিকে ঘিরে কিছু ‘না বলা কথা’।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে অংশ নিয়েছেন মিথিলা। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে এক খোলামেলা আলাপচারিতায় তিনি কথা বলেছেন তার ব্যক্তিগত জীবন, সমালোচনা সামলানোর কৌশল, সৃজিতের সঙ্গে সংসার, আর কন্যা আইরার পিতা তাহসানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে।
অনুষ্ঠানের প্রোমো ও প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মিথিলা জানিয়েছেন, “রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, তেমনি সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।”
এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে দুই পরিবারের মধ্যকার পরস্পরের প্রতি সম্মান ও ইতিবাচক সম্পর্কের বার্তা।
অনুষ্ঠান সূত্রে আরও জানা গেছে, মিথিলা এই পর্বে এমন কিছু ব্যক্তিগত কথা শেয়ার করেছেন, যা তিনি আগে কখনও জনসমক্ষে বলেননি। ফলে তার ভক্ত-অনুরাগীদের কাছে এই পর্বটি হতে যাচ্ছে বিশেষ কিছু।
সাম্প্রতিক সময়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে ‘ড. মিথিলা’ পরিচয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি। এবার টেলিভিশনের পর্দায় তাকে দেখা যাবে এক অন্যরকম মিথিলার ভূমিকায়—যেখানে থাকবে জীবনের আলো-আঁধারি, এবং সম্পর্কের নানা না বলা গল্প।


