
বিনোদন প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে তার শক্তিশালী উপস্থিতি, সংলাপ বলার স্বতন্ত্র ধরন ও অভিনয়শৈলী দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

তবে শুধু খলনায়ক চরিত্রেই সীমাবদ্ধ থাকেননি মিশা সওদাগর। সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের পরিধিও বাড়িয়েছেন এই অভিনেতা। দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন; নতুন সিনেমার শুটিং ও চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।
দীর্ঘ ক্যারিয়ারে নিজের পথচলায় যেসব শিল্পী ও নির্মাতার অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন মিশা সওদাগর। এবার তেমনই একজন বরেণ্য নির্মাতাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন মিশা সওদাগর। সেখানে নির্মাতাকে ‘বাবা’ সম্বোধন করে নিজের ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে তার অবদানের কথা তুলে ধরেন এই অভিনেতা।
পোস্টে মিশা সওদাগর লেখেন, ‘কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারাজীবন আপনার কাছে ঋণী।’
প্রিয় নির্মাতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লেখেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’
নিজের অভিনয়জীবনে ছটকু আহমেদের অবদানের কথা উল্লেখ করে মিশা সওদাগর বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে আমি কৃতজ্ঞ।’
মিশা সওদাগরের এই বক্তব্যে ছটকু আহমেদের সঙ্গে তার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বিষয়টিও উঠে এসেছে। একজন নির্মাতার প্রতি অভিনেতার এমন প্রকাশ্য কৃতজ্ঞতা ভক্ত-দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।


