
বিনোদন প্রতিবেদক
নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর ‘জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের মন্তব্য দেখা যায়।
এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা পাভেল। ভিডিওতে থাকা নারী সম্পর্কে তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’
তবে ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‘মীরাক্কেল’ থেকে অভিনয়ে
পাভেলের অভিনয়জীবনের শুরুটা অবশ্য টেলিভিশন নাটক দিয়ে নয়। ক্যারিয়ারের শুরুর দিকে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯-এ অংশ নেন তিনি। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে দুই বাংলার দর্শকের নজরে আসেন পাভেল।
এরপর নির্মাতা তপু খানের কট বিহাইন্ড নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি। বিভিন্ন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন পাভেল।
‘জাকির’ চরিত্রেই বড় পরিচিতি
তবে পাভেলের ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয়ের পর। নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ ও ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
চরিত্রটির আঞ্চলিক ভাষা, সংলাপ ও অভিনয়ের ধরন দর্শকের মধ্যে আলাদা সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই ‘জাকির’ চরিত্রটি পাভেলের অভিনয়জীবনের অন্যতম পরিচিত চরিত্র হয়ে ওঠে। এর মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান এই অভিনেতা।
বর্তমানে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব কনটেন্টেও নিয়মিত অভিনয় করছেন সাইদুর রহমান পাভেল। এরই মধ্যে তার ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি।


