
১৯ দিনে বিচারিক আদালতের রায়, হাইকোর্টে শেষ আপিলের শুনানি; স্বপ্নার সম্পৃক্ততা নিয়ে রাষ্ট্রপক্ষ-আসামিপক্ষের পাল্টাপাল্টি যুক্তি
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ভাগ্য নির্ধারণ হচ্ছে কাল মঙ্গলবার। দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ দিন ধার্য করেন।

শিশু হত্যার ঘটনায় দ্রুত বিচারিক প্রক্রিয়ায় মাত্র ১৯ দিনের মাথায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এবার হাইকোর্টে সেই দণ্ড বহাল থাকবে, নাকি আসামিদের আপিলের পরিপ্রেক্ষিতে রায়ে পরিবর্তন আসবে—তা জানা যাবে মঙ্গলবারের রায়ে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
শুনানিতে রাষ্ট্রপক্ষের দাবি, সোহেল রানার ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। ওই জবানবন্দির পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণেও তার অপরাধের বিষয়টি উঠে এসেছে। অন্যদিকে, হত্যাকাণ্ডের বিষয়ে অবগত থাকার পাশাপাশি স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন স্বপ্না খাতুন। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনিও অপরাধে জড়িত বলে দাবি রাষ্ট্রপক্ষের। এ কারণে দুজনেরই মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানানো হয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে দাবি করেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাই তাকে খালাস দেওয়ার আবেদন জানান তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১, ব্লক-বির একটি ভাড়া বাসায় ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে। তার বাবা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে স্ত্রী স্বপ্নাকে নিয়ে থাকতেন সোহেল রানা। হত্যার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। ২৫ মে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনাদায়ে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে ওই অর্থ আদায়ের নির্দেশও দেন আদালত।
পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হওয়ার পর এখন উচ্চ আদালতের রায়ের অপেক্ষা।


