
ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বড় পর্দা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই তিনি সমানভাবে সক্রিয়। সম্প্রতি এক পোস্টে মা-বাবার একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

মা-বাবার ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ফারিয়া লেখেন, ‘আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসাথে পথচলা যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।’
এরপরই তিনি বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি তুলে ধরেন। তার কথায়, ‘তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।’


